জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়ে আফগানিস্তানের বড় জয়
Mohammad Asif · ২০ অক্টোবর ২০২৬, রাত ৩:৫০ · ২ মিনিটে পড়ুন
শেয়ার করুন
ফেসবুক
হোয়াটসঅ্যাপ
লিংক কপি
ছবি: ক্রিকখেলা
আবুধাবিতে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। সেদিকউল্লাহ আতালের সেঞ্চুরি ও ইব্রাহিম জাদরানের ৯০ রানের পর রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে সহজ জয় পায় আফগানরা।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওডিআই ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে ২৯৪ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮.৪ ওভারে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
টসে জিতে ব্যাটিং বেছে নিয়ে শুরুতেই উড়ন্ত সূচনা এনে দেন আফগান দুই ওপেনার। রহমানউল্লাহ গুরবাজ ২০ বলে ২৫ রান করে আউট হলেও আরেক ওপেনার ইব্রাহিম জাদরানের সাথে জুটি বাঁধেন সেদিকউল্লাহ আতাল। দ্বিতীয় উইকেটে এই দুজন ১৪৯ বলে যোগ করেন ১৪০ রান। জাদরান ৯৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৯০ রান করে আউট হন। তবে সেদিকউল্লাহ তুলে নেন ব্যক্তিগত শতক। তিনি ১০৮ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ১০২ রান করেন।
টপ অর্ডারের দারুণ ইনিংসের পর অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ৩০ বলে ২৮ রান করেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৯৪ রানে অলআউট হয় আফগানিস্তান। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ব্র্যাড ইভান্স, তিনি ১০ ওভারে ৪৮ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। এ ছাড়া আর্নেস্ট মাসুকু ৮ ওভারে ৪৪ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন এবং ব্লেসিং মুজারাবানি নেন ২টি উইকেট।
জয়ের জন্য ২৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে শুরু থেকেই চাপে পড়ে। দলীয় ৪৩ রানেই ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে তারা। সেখান থেকে পঞ্চম উইকেটে রায়ান বার্ল ও সিকান্দার রাজা প্রতিরোধ গড়ে ১১২ বলে ৬৪ রান যোগ করেন। তবে বার্ল ৬৩ বলে ৩১ এবং রাজা ৮০ বলে ৪৮ রান করে আউট হতেই জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি দ্রুত ঘনিয়ে আসে। শেষ পর্যন্ত দলটির ইনিংস থামে ১৩৬ রানে।
আফগানিস্তানের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন লেগ স্পিনার রশিদ খান। তিনি ৮ ওভারে ১টি মেডেনসহ মাত্র ১৭ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। পেসার ফজলহক ফারুকী ৫ ওভারে ১৫ রান দিয়ে এবং মোহাম্মদ নবী ৭.৪ ওভারে ৩৭ রান দিয়ে পান ২টি করে উইকেট। ব্যাট হাতে সেদিকউল্লাহ ও জাদরানের পর বল হাতে রশিদের ঘূর্ণিতেই মূলত ১৫৮ রানের বড় ব্যবধানের জয় নিশ্চিত করে আফগানরা।
এই ম্যাচের স্কোরকার্ড ও ধারাভাষ্য দেখুন →
খবরটি শেয়ার করুন
ফেসবুক
হোয়াটসঅ্যাপ
লিংক কপি
#আফগানিস্তান
#জিম্বাবুয়ে
#ক্রিকেট